শিক্ষা জাতির মেরুদণ্ড, আর নারী শিক্ষার গুরুত্ব অপরিসীম। একটি শিক্ষিত মা যেমন একটি শিক্ষিত জাতি গঠনে সহায়ক, তেমনি একটি আলোকিত সমাজ বিনির্মাণেও নারীর ভূমিকা অনস্বীকার্য। সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সেই লক্ষ্যেই নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রায় এক শতাব্দীর ঐতিহ্য নিয়ে এই প্রতিষ্ঠানটি সাতক্ষীরার নারী শিক্ষায় এক অগ্রণী ভূমিকা পালন করছে। আমি বিশ্বাস করি, প্রতিটি শিক্ষার্থীর মধ্যেই অফুরন্ত সম্ভাবনা লুকায়িত আছে। শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি একই সূত্রে গাঁথা । শিক্ষা কোন পাঠ্য পুস্তকের গণ্ডিতে সীমাবদ্ধ নয়। শুধু পুঁথিগত বিদ্যা নয়, বরং শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ, সৃজনশীলতা এবং নেতৃত্ব বিকাশেও সমানভাবে যত্নশীল। প্রযুক্তির সাথে তাল মিলিয়ে আধুনিক শিক্ষাদান পদ্ধতি এবং সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে আমরা ছাত্রীদের একটি পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর।
এই প্রতিষ্ঠানটি শুধুমাত্র ভালো ফলাফলের দিকে নজর দেয় না, বরং শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশেও সমানভাবে গুরুত্বারোপ করে। খেলাধুলা, সংস্কৃতিচর্চা, বিতর্ক প্রতিযোগিতা সহ বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে ছাত্রীরা নিজেদের বহুমুখী প্রতিভার স্বাক্ষর রাখছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় আগামীতেও সাফল্যের ধারা অব্যাহত রাখবে এবং নারী শিক্ষায় এক নতুন দিগন্ত উন্মোচন করবে। শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় আমি সর্বদা তাদের পাশে আছি।
সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। আমার প্রত্যাশা শিক্ষার্থীরা মেধা ও মননে আধুনিক চিন্তা চেতনায় সমৃদ্ধ হয়ে তাদের মননশীল বুদ্ধিদীপ্ত প্রতিভার বিকাশ ঘটাবে।

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং সংশ্লিষ্ট সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

 

মিজ্ আফরোজা আখতার

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট

সাতক্ষীরা